EXPRESS

IMMIGRATION

HomeDiscord

স্টাডি পারমিটের জন্য ফান্ডিং কিভাবে দেখবেন?

আপনি কানাডাতে পড়তে আসতে চাইলে আপনাকে প্রমান করতে হবে যে আপনার কাছে যথেষ্ট পয়সা আছে ওই দেশে থাকা - খাওয়ার এবং টিউশন ফি দেয়ার। এটা সঠিক ভাবে প্রমান না করতে পারলে আপনি ভিসা পাবেন না। এবার আসুন দেখি যে কি কি ভাবে এটা আপনি প্রমান করতে পারবেন।

প্রথমত আপনি একটা সামারি অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বানাবেন। এখানে আপনি দেখাবেন যে মোট কত খরচ হবে। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।

আচ্ছা - এবার যখন আপনি জেনে গেলেন যে মোট কত টাকা প্রয়োজন হবে আপনার, এবার তাহলে দেখার পালা যে টাকাগুলো আপনি কিভাবে কার কার থেকে নিতে পারবেন বা দেখাতে পারবেন। এখানে প্রথমেই উল্লেখযোগ্য যে আপনি কিন্তু শুধু লিকুইড এসেট এখানে দেখবেন। মানে, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিন্তু আপনি এখানে দেখবেন না। আরো একটা ব্যাপার হচ্ছে আপনার বাবা, মা, ভাই এবং বোন ছাড়া সাধারণত আর কেউ আপনাকে স্পনসর করতে পারবেন না। তবে হ্যা - বিশেষ বিশেষ কারণে, যেমন - কারো বাবা বা মা মৃত্যুবরণ করলে বা না থাকলে সেক্ষেত্রে চাচা, মামা, ফুফু, খালা এনারাও স্পনসর করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে একটা লেটার অফ এক্সপ্লেনেশন দিতে হবে।

এছাড়া আপনি যদি ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পান তবে সেটাও উল্লেখ করবেন। আপনি বিবাহিত হলে আপনার স্পাউসের ফান্ডও দেখাতে পারবেন।

যেকোনো ধরণের সঞ্চয়পত্র বা সেভিংস সার্টিফিকেট আপনি লিকুইড এসেট হিসেবে দেখাতে পারবেন। আপনি (বা আপনার স্পনসর) যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখান থেকে প্রত্যয়নপত্র তুলে প্রয়োজনে ট্র্যান্সলেট করিয়ে নোটারি করবেন এবং এটাই দেখাবেন। যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিট থাকে তবে সেটা নোটারি করিয়ে নিবেন। সাধারণ সেভিংস বা কারেন্ট একাউন্টে টাকা থাকলে ওই একাউন্টের ৬ মাসের স্টেটমেন্ট তুলে নোটারি করিয়ে দেখাবেন। এক্ষেত্রে ৬ মাস বলা হয় কেননা ৬ মাস টাকাটা ওই একাউন্টে আছে মানে টাকাটার অন্য প্রয়োজনীয়তা নেই এবং এই টাকাটা শুধুমাত্র আপনার পড়াশোনার জন্যই খরচ করা যাবে বলে ধরে নেয়া যায়।

এছাড়াও আপনি গোল্ড দেখাতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রমান করবেন যে আপনার কাছে গোল্ড আছে? এটার সর্বোত্তম উপায় হচ্ছে যদি আপনার (বা আপনার স্পন্সরের) সার্টিফাইড ট্যাক্স এসেসমেন্ট কপিতে উল্ল্যেখ থাকে যে আপনি এতো গ্রাম বা ভরি গোল্ডের মালিক এবং তার উপর ভিত্তি করে যদি CA ইভ্যালুয়েশনে দেখান যে আপনার এতো গ্রাম বা ভরি গোল্ড আছে যার বিক্রয়মূল্য এতো, তাহলেই আপনি গোল্ডকে লিকুইড এসেট হিসেবে দেখাতে পারবেন।

আপনার যতটুকু টাকা প্রয়োজন সেটা আপনি চাইলে একাধিক স্পন্সরের থেকে ম্যানেজ করতে পারবেন। একটু অন্যভাবে উদাহরণ দিয়ে বলতে চাইলে - ধরুন আপনার মোট ১০০ টাকা প্রয়োজন। আপনার একাউন্টে ৬ মাস ধরে ১০ টাকা আছে। আপনার কাছে ২০ টাকার গোল্ড আছে, আপনার বাবার একাউন্টে ৩০ টাকা আছে, আপনার মার নামে ৫০ টাকার সঞ্চয়পত্র আছে। সব মিলিয়ে আপনার কাছে ১১০ টাকা আছে - এর মানে আপনি খরচ দেয়ার সামর্থ রাখেন। এটাই আপনাকে প্রমান করতে হবে।

এরপরের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে: আপনি যাদেরকে স্পনসর হিসেবে বলছেন, এটার প্রমান কি? ধরুন আপনি বলছেন যে আপনার মার নাম ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে এবং তিনি সেটা আপনার কানাডায় পড়াশোনার জন্য খরচ করবেন। এটা প্রমানের জন্য আপনাকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটা এফিডেভিট করিয়ে নিতে হবে যেখানে স্পনসর এটা বলবেন যে তিনি উক্ত টাকা আপনার পড়াশোনা বাবদ খরচ করতে রাজি আছেন। এমনকি আপনি যদি নিজেই নিজের স্পনসর হন তবেও এটা দেখাতে হবে। সেক্ষেত্রে এটাকে বলা হবে Affidavit of Self Sponsorship। এরকমভাবে প্রত্যেক স্পন্সরের থেকেই একটা করে এফিডেভিট নিতে হবে।

এরপরে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট। প্রত্যেক স্পন্সরের গত দুই বছরের ট্যাক্স ডকুমেন্টস দিতে হবে। প্রতি বছরের জন্য যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে: ০১) সার্টিফাইড ট্যাক্স এসেসমেন্ট কপি ০২) ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট ০৩) ট্যাক্স স্লিপ ০৪) টিন সার্টিফিকেট আপনি ট্যাক্স দিচ্ছেন এবং আপনার সার্টিফাইড ট্যাক্স এসেসমেন্টে উল্লেখ আছে যে আপনার কি কি প্রপার্টি আছে, সব মিলিয়ে এই ডকুমেন্টগুলো আপনার এপ্লিকেশনকে অনেক শক্তিশালী করে তুলবে।

সবশেষে আপনি একটা লাইসেন্স-প্রাপ্ত CA Firm থেকে CA Evaluation করিয়ে নিবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

উপরের সবগুলো স্টেপস আপনি ঠিকঠাক ভাবে ফলো করলে ফান্ডিং সংক্রান্ত কোনো কারণে আপনি রিজেক্টেড হবেন না।